Dhaka, Tuesday | 6 October 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 6 October 2026 | English
শিরোনাম:

প্রেমিকাকে হত্যার দায়ে প্রেমিকের ফাঁসির আদেশ

প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৪:৩১ পিএম  (ভিজিটর : ৩৪)

রাঙামাটির কাপ্তাইয়ে প্রেমিকাকে হত্যার দায়ে মো. মাহিবুর কামাল মহিবুল্লাহ নামের এক যুবককে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে। 

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আহসান তারেক এই রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত মো. মাহিবুর রহমান নেত্রকোনার মদন উপজেলার কাইটাইল গ্রামের মো. মনির উদ্দিনের ছেলে। তিনি কাপ্তাইয়ে ফার্নিচারের দোকানে কাজ করতেন।

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, কাপ্তাই নতুন বাজারে কাজের সুবাদে স্থানীয় হাসিনা বেগম সুমির (২৮) সঙ্গে মাহিবুরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে বিয়ের প্রলোভন দেখিয়ে ভিকটিমের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে আসামি। এক পর্যায়ে আসামির অন্যত্র বিয়ে ঠিক হলে ভিকটিম তার কাছে ২০ হাজার টাকা দাবি করে।

এর জেরে ২০২২ সালের ১১ মার্চ রাতে কাপ্তাই বিএফআইডিসি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভেতরে নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সুমির মাথায় ইটের আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করে মাহিবুর। পরে প্রমাণ লোপাট করতে সিগারেটের আগুন দিয়ে মরদেহে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় সে। পরদিন ১২ মার্চ বিদ্যালয় প্রাঙ্গণের পরিত্যক্ত টয়লেট থেকে ওই নারীর পোড়া লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে কাপ্তাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
 
পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় দেন।
 
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. মাসুম বলেন, এই মামলা পরিচালনার জন্য শুরুতে কোনো আইনজীবী ছিল না। বিবেকের দায়বদ্ধতা থেকে আমি আসামির পক্ষে আইনি লড়াই পরিচালনা করেছি এবং পর্যাপ্ত যুক্তি উপস্থাপন করেছি। তবে আসামি আদালতে আগে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ায় এই রায় দেওয়া হয়েছে। আমরা এই রায়ে সংক্ষুব্ধ। আসামির সঙ্গে কথা বলে দ্রুতই উচ্চ আদালতে আপিল করব। আশা করি উচ্চ আদালতে আমরা ন্যায়বিচার পাব।

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝