খুলনায় দুর্বৃত্তের হামলায় মো: ইকবাল শেখ (৩৫) নামে বিএনপি নেতা জখম হয়েছেন।
রবিবার (৪ অক্টোবর) সকাল ৭ টা ২০ মিনিটের দিকে নগরীর লবণচরা থানার হঠাৎ বাজারের ইসলামপাড়া প্রথম গলির সামনে দুর্বৃত্তরা তাকে গুলি ও কুপিয়ে আহত করে।
আহত ব্যক্তি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তিনি ওই এলাকার বাসিন্দা ইকলাস শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, একই এলাকার আলামিন শেখের ছেলে মো. আবির শেখের সাথে ইকবাল শেখের মেয়ের বিয়ে হয়। ৩/৪ মাস পূর্বে মেয়েকে ওই ছেলের কাছ থেকে ছাড়িয়ে রাখেন তিনি। এ নিয়ে উভয় দ্বন্দ্ব এখন চরমে।
এর আগেও একবার আবির ইকবালের ওপর হামলা চালিয়েছে। রবিবার সকালে ব্যক্তিগত কাজে সে ইসলামপাড়া বাড়ি থেকে কিছুদুর এলে আবির, শাওনসহ আরও চারজন তার ওপর ধারালো ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়।
এ সময় তাদের ছোড়া একটা গুলি তার বাম পায়ের হাটুর ওপরে বিদ্ধ হয় এবং ধারালো অস্ত্র দিয়ে পায়ের নিচে গোড়ালিতে কোপ দেয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। স্থানীয়রা আরও জানায়, আবির স্থানীয় একটি সন্ত্রাসী বাহিনীর সদস্য।
লবণচরা থানার ওসি তদন্ত মো. শহীদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। যারা এ ঘটনার সাথে জাড়িত তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযানে নেমেছে। ভিকটিম শঙ্কামুক্ত রয়েছেন।
দলীয় সূত্রে জানাগেছে আহত ইকবাল নগরীর ৩১ নং ওয়াড বিএনপির সহ-প্রচার সম্পাদক পদে আছেন।
এফপি/অ