সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্রসহ সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে তিনি খুলনা জেলা সমাজসেবা কার্যালয়ে প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র, স্পেশাল স্কুল ফর চিলড্রেন উইথ অটিজম, ভ্রাম্যমাণ ফিজিওথেরাপি এবং প্রান্তিক শিল্প প্রদর্শনী ও বিপণন কেন্দ্র পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে সচিব বলেন, এসব সেবা উপজেলা পর্যায়ে ছড়িয়ে দিতে পারলে প্রতিবন্ধী ব্যক্তিরা আরও বেশি উপকৃত হবেন। প্রতিবন্ধীরা সমাজেরই অংশ উল্লেখ করে তিনি বলেন, তাঁদের ভিন্ন দৃষ্টিতে না দেখে সমাজের মূল স্রোতের অংশ হিসেবে দেখতে হবে। সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছে বলেও জানান তিনি।
পরে সচিব খুলনার খালিশপুরে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত প্রতিবন্ধী শিশুদের ‘বিএন আশার আলো স্কুল’ পরিদর্শন করেন।
এ সময় বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায়, অতিরিক্ত পরিচালক রতন কুমার হালদার, উপপরিচালক খান মোতাহার হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. হোসেনুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এফপি/অ