সাতক্ষীরা শহরের পশু হাসপাতাল মোড়ে মারামারি ঠেকাতে গিয়ে ছুরির আঘাতে জাকারিয়া খান নিহত হয়েছে। সে সাতক্ষীরা পৌর বিএনপি নেতা মাছুম বিল্লাহ শাহীনের মামাতো ভাই এবং নিহত জাকারিয়া খান শহরের ঐতিহ্যবাহী 'রুচিরা বেকারী'-র মালিক আলহাজ্ব আব্দুর গফুর খানের পুত্র।
শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশু হাসপাতাল মোড়ে এই নৃশংস ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১১:৩০ মিনিটের দিকে জাকারিয়া খান শহরের পশু হাসপাতাল মোড়ে বসে চা খাচ্ছিলেন। সে সময় চায়ের দোকানদারের সাথে এক সন্ত্রাসীর কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জাকারিয়া দোকানদারকে রক্ষা করতে এবং মারামারি ঠেকাতে এগিয়ে যান। এ সময় ওই সন্ত্রাসী ধারালো ছুরি দিয়ে জাকারিয়ার বুক ও পেটে আঘাত করলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
পরবর্তীতে স্থানীয় দোকানদার ও পথচারীরা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জাকারিয়া মারা যান বলে হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার নিশ্চিত করেছেন।
হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইন্সপেক্টর তদন্ত) মো. শাহীদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরা ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে এবং অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।
এফপি/অ