Dhaka, Saturday | 3 October 2026
         
English Edition
   
Epaper | Saturday | 3 October 2026 | English
শিরোনাম:

সমুদ্রপথে মালয়েশিয়াগামী বোট থেকে ৭৬ জনকে উদ্ধার, আটক ১১

প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১২:৩২ পিএম  (ভিজিটর : ৯)

সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়াগামী একটি বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় মানব পাচারকারী চক্রের ১১ সদস্যকে আটক করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিয়মিত টহলের সময় সেন্ট মার্টিন লাইট হাউস থেকে প্রায় ৮১ মাইল দূরে বোটটির সন্ধান পায় নৌবাহিনী। এর আগে মাছ ধরার কাজে নিয়োজিত এফভি ক্রিস্টাল-১ বোটটি সমুদ্রে ভাসমান কাঠের বোটটির বিষয়ে নৌবাহিনীকে জানায়।

খবর পেয়ে টহলরত নৌবাহিনী জাহাজ বানৌজা খালিদ বিন ওয়ালিদ ঘটনাস্থলে গিয়ে বোটটি উদ্ধার করে। এ সময় বোটটিতে পানি প্রবেশ করায় নৌসদস্যরা দ্রুত পানি নিষ্কাশন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

উদ্ধার করা ৭৬ জনের মধ্যে ১১ জনকে মানব পাচারকারী চক্রের সদস্য হিসেবে শনাক্ত করে আটক করা হয়। অপর ৬৫ জন মালয়েশিয়াগামী যাত্রী বলে জানা গেছে। তাঁদের অধিকাংশকে মানব পাচারকারী চক্র টেকনাফের দুর্গম এলাকায় আটকে রেখে পরে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাঠানোর চেষ্টা করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।

উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা, খাবার ও প্রয়োজনীয় মানবিক সহায়তা দেওয়া হয়েছে। আটক ব্যক্তিদের ও বোটটি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।

নৌবাহিনী জানিয়েছে, বোটটির ইঞ্জিন ও পাম্প বিকল হয়ে পানি প্রবেশ করায় যাত্রীদের জীবন ঝুঁকির মধ্যে পড়েছিল। দ্রুত অভিযান পরিচালনার মাধ্যমে সম্ভাব্য দুর্ঘটনা ও প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। সমুদ্রসীমায় মানব পাচার, চোরাচালান ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নৌবাহিনীর টহল ও অভিযান অব্যাহত থাকবে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝