প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৭:৫৬ পিএম (ভিজিটর : ১৮)
কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের আটিগ্রাম আজুতলা বাজারে জামায়াত ও বিএনপির পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা ও ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলামসহ অন্তত ২ জন আহত হয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার মসজিদে রাজনৈতিক আলোচনা করা হচ্ছে এমন অভিযোগ তোলেন বিএনপির নেতাকর্মীরা।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে এই ঘটনার প্রতিবাদে আজুতলা বাজারে জামায়াত ও বিএনপির পক্ষ থেকে পৃথক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। একই স্থান ও সময়ে বিএনপিও তাদের কর্মসূচি ঘোষণা করলে এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়।
বিকেলে জামায়াতের নেতাকর্মীরা কর্মসূচি শেষ করে স্থান ত্যাগ করার পরপরই বিএনপির নেতাকর্মীরা সেখানে উপস্থিত হলে জামায়াতের কিছু সংখ্যক নেতার ওপর চড়াও হয়। একপর্যায়ে কথা কাটাকাটি থেকে শুরু হয় হাতাহাতি ও ধাওয়ার ঘটনা ঘটে।
এসময় আইনশৃঙ্খলা রক্ষা ও উভয় পক্ষকে ছত্রভঙ্গ করতে গিয়ে মিরপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম আহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম শহিদ জানান, হালকা লেগেছিল প্রাথমিক চিকিৎসা নিয়েছি। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ও পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় টহল জোরদার করা হয়েছে।