নাব্যতা সংকটে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া প্রান্তের ৭ নম্বর ফেরিঘাট বন্ধ রয়েছে। ঘাটটি দিয়ে নিরাপদে ফেরি ভিড়তে না পারায় শুক্রবার ভোর থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে দৌলতদিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকেরা।
শনিবার সকাল ১০টার দিকে ঘাটটি বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের দৌলতদিয়া ফেরিঘাটের সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দীন।
সরেজমিনে দেখা যায়, ৭ নম্বর ফেরিঘাট বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কে পণ্যবাহী ট্রাক, বাসসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে।
জানা গেছে, কাগজে-কলমে দৌলতদিয়া প্রান্তে সাতটি ফেরিঘাট থাকলেও বর্তমানে সচল রয়েছে ৩ ও ৪ নম্বর ঘাট। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১২টি ফেরি চলাচল করছে। ব্যস্ততম এই নৌরুটের একটি ঘাট বন্ধ থাকায় যাত্রী ও চালকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ফেরিঘাটের সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দীন বলেন, ‘শুক্রবার ভোর ৫টা থেকে নাব্যতা সংকটের কারণে ৭ নম্বর ঘাটটি বন্ধ রয়েছে। ঘাটটি চালু করার ব্যাপারে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি। বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বহরে থাকা ১৮টি ফেরির মধ্যে ১২টি ফেরি চলাচল করছে।’
বিআইডব্লিউটিএর আরিচা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী হাছান আহমেদ বলেন, দৌলতদিয়া প্রান্তের ৭ নম্বর ফেরিঘাট বন্ধ রয়েছে। সেটি চালু করার জন্য ড্রেজিং করার পরিকল্পনা রয়েছে। তবে ড্রেজিংয়ের ক্ষেত্রে স্থানীয়রা নদীভাঙনের বিষয়টি উত্থাপন করেছেন। এ বিষয়ে আগামীকাল রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা রয়েছে।
এফপি/অ