Dhaka, Tuesday | 1 September 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 1 September 2026 | English
শিরোনাম:

নরসিংদীর ঘোড়াশাল-পলাশ সারকারখানায় শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৯ পিএম  (ভিজিটর : ৬১)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল-পলাশ সারকারখানায় ন্যায্য মজুরি পরিশোধ, বকেয়া বেতন প্রদান এবং পূর্বঘোষণা ছাড়া শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে কারখানার ব্যাগিং সেকশনের মূল ফটকের সামনে থেকে এ কর্মসূচি শুরু হয়। সারকারখানার ব্যাগিং শাখার প্রায় দুই শতাধিক শ্রমিক ও কর্মচারী এতে অংশ নেন।

বিক্ষোভ মিছিলটি ব্যাগিং সেকশনের মূল ফটক থেকে শুরু হয়ে লোড-আনলোড গেটসহ কারখানার বিভিন্ন গুরুত্বপূর্ণ ফটক প্রদক্ষিণ করে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা দীর্ঘদিনের বকেয়া পাওনা পরিশোধ এবং আকস্মিক শ্রমিক ছাঁটাই বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ সমাবেশে শ্রমিকরা অভিযোগ করেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জহিরুল ইসলাম এই সারকারখানায় কাজ করার সময় শ্রমিকদের লাখ লাখ টাকা বকেয়া রেখে চলে যায়। বর্তমানে নতুন করে একই প্রতিষ্ঠান আবারও কাজ পেলেও কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই দীর্ঘদিন ধরে কর্মরত পুরোনো শ্রমিকদের বাদ দেওয়া হয়েছে।

শ্রমিকদের অভিযোগ, ৪০ থেকে ৫০ বছর ধরে কাজ করা অভিজ্ঞ শ্রমিকদের পরিবর্তে নতুন শ্রমিক দিয়ে কাজ করানোর চেষ্টা চলছে। এতে দীর্ঘদিনের অভিজ্ঞ শ্রমিকরা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।

আন্দোলনরত শ্রমিকদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে, ঘটনার নিরপেক্ষ তদন্ত, পূর্বের সব বকেয়া মজুরি ও বেতন দ্রুত পরিশোধ এবং কোনো ধরনের বৈষম্য ছাড়া পুরোনো অভিজ্ঞ শ্রমিকদের পুনর্বহাল করা।

শ্রমিকরা জানান, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান দ্রুত সমস্যার সমাধান না করলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এদিকে, পরিস্থিতি নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী শ্রমিক ও স্থানীয় সচেতন মহল।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝