ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে খুলনা মহানগরীতে মশক নিয়ন্ত্রণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করেছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। এর অংশ হিসেবে নগরীর বিভিন্ন এলাকায় ক্রাশ প্রোগ্রাম অব্যাহত রয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) সকালে নগরীর ১ ও ১২ নম্বর ওয়ার্ডে চলমান কার্যক্রম পরিদর্শন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
পরিদর্শনকালে তিনি ১ নম্বর ওয়ার্ডের মহেশ্বরপাশা রানার মাঠ এবং ১২ নম্বর ওয়ার্ডের ১ নম্বর ক্যাম্প বিহারি কলোনি-সংলগ্ন এলাকা ঘুরে দেখেন। এ সময় মশক নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন তিনি।
কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে সিটি করপোরেশনের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এরপরও সংক্রমণের হার বাড়ছে। পরিস্থিতি বিবেচনায় সংক্রমণের মাত্রার ওপর ভিত্তি করে মহানগরীকে রেড, ইয়েলো ও অরেঞ্জ জোনে ভাগ করে কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
তিনি বলেন, মশার বংশবিস্তার রোধে নিয়মিত মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। ঘনবসতিপূর্ণ এলাকায় মেডিকেল ক্যাম্প স্থাপনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে কেসিসি প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সিটি করপোরেশনের কার্যক্রম যথেষ্ট নয়। নিজ পরিবার ও সন্তানদের নিরাপদ রাখতে প্রত্যেককে নিজ নিজ বাড়ি ও স্থাপনার আশপাশ পরিষ্কার রাখতে হবে। বিশেষ করে কোথাও যাতে পানি জমে মশার বংশবিস্তার না ঘটে, সেদিকে সবাইকে নজর রাখতে হবে।
তিনি আরও বলেন, বাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশে জমে থাকা পানি নিয়মিত অপসারণ করতে হবে। নগরবাসী সচেতন হলে সম্মিলিতভাবে ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
পরিদর্শনকালে কেসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আনিসুর রহমান, নির্বাহী প্রকৌশলী শেখ মো. মাসুদ করিম, কনজারভেন্সি অফিসার মো. অহিদুজ্জামান খান, সাবেক কাউন্সিলর এইচ এম আবু সালেক, সমাজসেবক সাদিকুর কাজী শফিকুল ইসলাম শফি, আব্দুল জলিল হাওলাদার, শাহানাজ পারভীনসহ সংশ্লিষ্ট ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এফপি/ফ