Dhaka, Friday | 21 August 2026
         
English Edition
   
Epaper | Friday | 21 August 2026 | English
শিরোনাম:

রাষ্ট্রপতির শপথের প্রস্তুতি সম্পন্ন, দরবার হল প্রস্তুত

প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৫:১৫ পিএম  (ভিজিটর : ২৩)

নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠানের জন্য বঙ্গভবনের দরবার হল প্রস্তুত করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম জানিয়েছেন, শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ অনুষ্ঠানটি পরিচালনা করবে।

অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন। মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, অনুষ্ঠানে ১২ শতাধিক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

আমন্ত্রণপত্রে বলা হয়েছে, সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রপতি দরবার হলে প্রবেশ করবেন। এরপর জাতীয় সংগীত ও কোরআন তেলাওয়াতের পর স্পিকার রাষ্ট্রপতির শপথ পরিচালনা করবেন।

আমন্ত্রিত অতিথিদের তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য এবং সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা।

এ ছাড়া তিন বাহিনীর প্রধান, সরকারের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জাতীয় পর্যায়ের বিশিষ্ট রাজনৈতিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদেরও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও বিদেশি কূটনীতিকদেরও এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে বঙ্গভবনে আমন্ত্রণ জানানো হয়েছে। সব মিলিয়ে নতুন রাষ্ট্রপতির শপথকে কেন্দ্র করে বঙ্গভবন এলাকায় তৈরি হয়েছে বিশেষ আবহ। শপথ অনুষ্ঠান ঘিরে নিরাপত্তাব্যবস্থার পাশাপাশি সাজসজ্জা ও আনুষ্ঠানিক প্রস্তুতিতেও ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্টরা।

এর আগে, গত ২৪ জুলাই অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন আওয়ামী লীগ আমলে নির্বাচিত মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতা তৈরি হয়।

গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হন।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝