কক্সবাজারের উখিয়ায় মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার। তিনি বলেছেন, “হয় মাদক ছাড়বেন, না হয় উখিয়া ছাড়বেন। হয় জেলখানায় যাবেন, না হয় মাদক ছেড়ে দেবেন।”
সোমবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলার পালংখালী ইউনিয়নের খাদিজাতুল কুবরা বালিকা মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত মাদকবিরোধী র্যালি ও পথসভায় সভাপতির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
‘মাদককে না বলুন’ প্রতিপাদ্যে উখিয়া থানার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। র্যালিটি মাদ্রাসা প্রাঙ্গণ থেকে বের হয়ে আশপাশের এলাকা ও স্থানীয় প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় পথসভা।
পথসভায় ওসি মো. আতিকুর রহমান মজুমদার বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, উখিয়াকে মাদকমুক্ত করতে পুলিশ সর্বাত্মকভাবে কাজ করছে। মাদক কারবারে জড়িত ব্যক্তিদের সতর্ক করে তিনি বলেন, মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে হবে। অন্যথায় আইন অনুযায়ী কঠোর পরিণতি ভোগ করতে হবে।
সভায় বক্তারা বলেন, শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পরিবার, সমাজ ও স্থানীয় জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে পরিবার ও সমাজের ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন তাঁরা।
অনুষ্ঠানে উখিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল উদ্দিন, উখিয়া উপজেলা বিএনপির সহসভাপতি ও কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এডিশনাল পিপি) অ্যাডভোকেট রেজাউল করিম রেজা, বালুখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরমান আজাদসহ স্থানীয় রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা উখিয়াকে মাদকমুক্ত করতে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার অঙ্গীকার করেন।
এফপি/ফ