রাঙামাটি শহরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদকসেবন ও বিক্রির অভিযোগে ১৪ জন এবং সিআর মামলার ওয়ারেন্টভুক্ত দুজনসহ মোট ১৬ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৭ আগস্ট) রাঙামাটি শহরের রিজার্ভ বাজার, শহীদ মিনার, মাঝের বস্তি ও তবলছড়ি এলাকায় কোতোয়ালি থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদকসংক্রান্ত অপরাধে গ্রেপ্তার ১৪ জন হলেন—মো. মোর্শেদ আলম (২৮), মো. নুর হোসেন (২১), মো. এনামুল কবির (২৮), জয় চন্দ্র (২৯), মো. নাহিদ হাসান সজিব প্রধান (২৯), মো. সোহেল ওরফে কালা (৪৩), মোমিন উদ্দিন ওরফে মুন্না (৩২), মো. ওমর ফারুক (৪৩), মো. সাইদুল ইসলাম (৪০), মো. মেহেদী (৩০), মো. সাগর (২৮), মো. সালাম (২৫), অর্নব ত্রিপুরা (২৯) ও অজয় ত্রিপুরা (২৪)।
অন্যদিকে সিআর মামলায় আদালতের ওয়ারেন্টভুক্ত দুই আসামি হলেন মো. আমজাদ হোসেন (২৭) ও শ্যামলা দাশ (১৯)।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীন বলেন, রিজার্ভ বাজার, শহীদ মিনার, মাঝের বস্তি ও তবলছড়ি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এফপি/ফ