ইউক্রেন সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহত্তম ড্রোন হামলা চালিয়েছে রাশিয়ার রাজধানী মস্কো অঞ্চলে। এই হামলায় একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিওভ।
টেলিগ্রামে দেওয়া এক বার্তায় গভর্নর জানান, মস্কোর পোডলস্ক এলাকায় ইউক্রেনীয় ড্রোন হামলায় ৮৩ বছর বয়সী এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন। হামলার শিকার হয়েছে রাশিয়ার বৃহত্তম অনলাইন কেনাকাটার প্ল্যাটফর্ম ‘ওয়াইল্ডবেরিজ’-এর একটি বিশাল গুদাম। এতে মস্কোর প্রধান বিমানবন্দরের কাছে অবস্থিত দোমোদেদোভো শহরের অন্যান্য স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর ধারণ করা ভিডিওতে ওয়াইল্ডবেরিজের কোলেডিনো গুদাম থেকে আকাশে ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠতে দেখা গেছে।
ইউক্রেনীয় কর্তৃপক্ষের দাবি, সামরিক সরঞ্জাম লেনদেনের কাজে ওয়াইল্ডবেরিজ ব্যবহার করা হচ্ছিল। ফলে মস্কোর সামরিক অভিযানের অর্থনৈতিক ভিত্তি দুর্বল করার অংশ হিসেবেই প্রতিষ্ঠানটিকে লক্ষ্যবস্তু বানানো হচ্ছে। অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের আকাশসীমায় ইউক্রেনের প্রায় ৮২২টি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে তারা।
সূত্র: রয়টার্স