জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)-এর রুটিন টিকাদান কর্মসূচিতে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা সংযোজন উপলক্ষে মুন্সীগঞ্জে এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ আগস্ট) বেলা ১১টায় মুন্সীগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার, সদর উপজেলার সহকারী কমিশনার, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিসহ স্থানীয় সাংবাদিকরা।
সভায় এইচপিভি টিকার গুরুত্ব ও প্রয়োজনীয়তা, জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে এ টিকার কার্যকারিতা এবং জাতীয় ইপিআই কর্মসূচির আওতায় টিকাদান কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
এ সময় বক্তারা বলেন, জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে এইচপিভি টিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় এ টিকা যুক্ত হওয়ায় কিশোরীদের মধ্যে টিকাদানের মাধ্যমে ভবিষ্যতে জরায়ুমুখ ক্যানসারের ঝুঁকি কমানো সম্ভব হবে।
সভায় এইচপিভি টিকা নিয়ে জনসচেতনতা বৃদ্ধি, অভিভাবকদের উদ্বুদ্ধকরণ এবং টিকাদান কার্যক্রম সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
এফপি/ফ