কক্সবাজারের উখিয়ায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে মিয়ানমার থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা প্রায় ২৩ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। এ সময় চোরাকারবারিরা একটি সিএনজি রেখে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রোববার (৯ আগস্ট) সকাল ৬টার দিকে উখিয়া থানার পালংখালীর সীমান্ত সড়কসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও উখিয়া থানা পুলিশের সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি চালানো হয়।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, অভিযানের সময় সন্দেহজনক একটি সিএনজিকে থামার সংকেত দেওয়া হলে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা সিএনজিটি ফেলে পালিয়ে যায়। পরে সিএনজিতে তল্লাশি চালিয়ে মিয়ানমার থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে আনা ১ লাখ ১৯ হাজার শলাকা ওরিস ব্র্যান্ডের এবং ৪০ হাজার শলাকা প্যাট্রন ব্র্যান্ডের বিদেশি সিগারেট জব্দ করা হয়। একই সঙ্গে সিগারেট পরিবহনে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়েছে।
জব্দ করা সিগারেটের আনুমানিক মূল্য ২৩ লাখ ৮৫ হাজার টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।
জব্দ করা সিগারেট ও সিএনজির বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, চোরাচালান রোধে সীমান্তবর্তী এলাকায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এফপি/অ