Dhaka, Thursday | 6 August 2026
         
English Edition
   
Epaper | Thursday | 6 August 2026 | English
শিরোনাম:

পদ নিশ্চিত হলেও চাপে ইনফান্তিনো, উয়েফার ফিফা বর্জনের হুমকি বহাল

প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৮:৫৪ পিএম  (ভিজিটর : ২২)

মরক্কোর রাবাতে বৈঠকের পর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছে সংস্থাটির মহাসচিব ও ম্যানেজমেন্ট বোর্ডের সদস্যরা। একইসঙ্গে ফিফার মহাসচিব ও প্রশাসনের প্রতিও সমর্থন জানিয়েছেন ইনফান্তিনো। তবে ম্যানেজমেন্টের সমর্থন পেলেও ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফার বর্জনের হুমকির মুখে রয়েছেন তিনি।   

বুধবার (৫ আগস্ট) অনুষ্ঠিত বৈঠকে ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) প্রস্তাব ঘিরে হওয়া ভুল স্বীকার করে ফিফা। এ প্রক্রিয়ায় ফিফা কাউন্সিল ও সদস্য অ্যাসোসিয়েশনগুলোকে যথাযথভাবে সম্পৃক্ত করা হয়নি বলেও স্বীকার করা হয়। এ জন্য পৃথক চিঠিতে ক্ষমা চেয়ে ভবিষ্যতে এমন ভুল না করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

ফিফা জানায়, এ অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সংস্থাটির সুশাসন ও কার্যক্রম আরও শক্তিশালী করা হবে। একইসঙ্গে ২১১ সদস্য অ্যাসোসিয়েশন, কনফেডারেশন ও আঞ্চলিক অ্যাসোসিয়েশনগুলোর জন্য ফিফা ফরোয়ার্ড কর্মসূচির মাধ্যমে ফুটবলের উন্নয়নে কাজ অব্যাহত থাকবে।

তবে, এরপরেও আপত্তি জানিয়েছে উয়েফা। বৃহস্পতিবার ( ৬ আগস্ট) দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি দাবি করে, তাদের দেওয়া শর্ত পূরণ হয়নি। 

এর আগে, ফিফার প্রতিযোগিতায় অংশ না নেওয়ার বিষয়ে উয়েফার সদস্য দেশগুলো তাদের শর্ত স্পষ্টভাবে জানিয়েছিল। প্রথমত, বড় প্রতিযোগিতাগুলোর বাণিজ্যিক স্বত্ব বিক্রির প্রস্তাব প্রত্যাহার করতে হবে। দ্বিতীয়ত, ভবিষ্যতে এভাবে ফুটবলকে বিকৃত করার কোনো উদ্যোগ নেওয়া হবে না— এমন নিশ্চয়তা দিতে হবে। পাশাপাশি, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বের ওপর তারা আস্থা হারিয়েছে। সেই অবস্থান এখনও বহাল রয়েছে।

উয়েফা আরও বলেছে, গতকাল ফিফা সভাপতির অধীনে কর্মরত এবং তার ওপর পেশাগতভাবে নির্ভরশীল কয়েকজন ব্যক্তি ইনফান্তিনোর প্রতি সমর্থন জানিয়েছেন। এতে তাদের অবস্থানের কোনো পরিবর্তন হবে না।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝