চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় আট বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগের মামলায় প্রধান শিক্ষক মুহাম্মদ রমিজ উদ্দীনকে (৩১) গ্রেফতার করেছে র্যাব-৭। সোমবার দুপুরে আনোয়ারা উপজেলার কর্ণফুলী টানেল সংলগ্ন চায়না রোডের বৈরাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রমিজ উদ্দীনকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়। গ্রেফতারকৃত রমিজ উদ্দীন বাঁশখালী দারুচ্ছুন্নাহ খাইরিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রধান শিক্ষক।
র্যাব-৭ জানায়, মামলার এজাহার অনুযায়ী মাদ্রাসাটির নাজেরা বিভাগে পড়ত শিশুটি। মাদ্রাসায় ভর্তির পর থেকে বিভিন্ন সময়ে শিশুটিকে ওয়াশরুমে নিয়ে বলাৎকারের অভিযোগ রয়েছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। সর্বশেষ গত ২৩ জুলাই মাদ্রাসা ছুটির পর অন্য শিক্ষার্থীরা মাঠে খেলতে গেলে শিশুটিকে এতিমখানার হেফজ বিভাগের দ্বিতীয় তলার একটি শ্রেণীকক্ষে ডেকে নিয়ে বলাৎকার করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়। এ বিষয়ে কাউকে জানালে শিশুটিকে ভয়ভীতি দেখানো হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়। পরে শিশুটি বাড়িতে গিয়ে মায়ের কাছে কান্নাকাটি করে মাদ্রাসায় আর যাবে না বলে জানায়। পরে মায়ের কাছে ঘটনা খুলে বলে। এরপর শিশুটির বাবা বাদী হয়ে ২৯ জুলাই বাঁশখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার (এএসপি) এআরএম মোজাফফর হোসেন বলেন, মামলা হওয়ার পর থেকে রমিজ উদ্দীন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারা এলাকায় তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এফপি/র