খুলনা-২ ও ৬ আসনের সংরক্ষিত সংসদ সদস্য ফাহমিদা হক বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সারাদেশে বৈষম্যহীন উন্নয়ন হবে এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে। তিনি বলেন, অবহেলিত খুলনা অঞ্চলের মানুষের কণ্ঠস্বর হিসেবে জাতীয় সংসদে তাদের দাবি-দাওয়া তুলে ধরবেন এবং খুলনার উন্নয়নে প্রয়োজনীয় সব উদ্যোগে পাশে থাকবেন।
সোমবার (৩ আগস্ট) দুপুর ১টায় নগরীর একটি অভিজাত হোটেলে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফাহমিদা হক বলেন, খুলনার মা-মাটি-মানুষের উন্নয়নে কেডিএ যে প্রকল্পগুলো গ্রহণ করেছে বা ভবিষ্যতে গ্রহণ করবে, সেগুলোর বাস্তবায়নে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন। খুলনার মানুষের স্বার্থে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেবেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে খুলনাবাসীর দাবি-দাওয়া তুলে ধরবেন বলেও জানান তিনি।
অনুষ্ঠানে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান এবং কেডিএর চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন প্রকল্পের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন। এ সময় খুলনার সার্বিক উন্নয়নে পারস্পরিক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন উভয়েই।
সংসদ সদস্য ফাহমিদা হককে কেডিএ ভবন ও চলমান প্রকল্পসমূহ পরিদর্শনের আমন্ত্রণ জানান কেডিএ চেয়ারম্যান। এ আমন্ত্রণে সাড়া দিয়ে মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টায় কেডিএ পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেন তিনি।
এ সময় কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনার নেতৃত্বে উপস্থিত ছিলেন কেডিএর সদস্য (এস্টেট) মো. ইকবাল হোসেন (উপসচিব), সদস্য (উন্নয়ন) রুহুল আমিন কুতুবুদ্দিন আহমাদ, প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) কাজী সাবিরুল আলম এবং উপ-পরিচালক (প্রশাসন, চলতি দায়িত্ব) মো. ইজাদুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।
এফপি/র