ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব)-এর সদস্যদের অগ্নিনিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ দিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। ২ ও ৩ আগস্ট ফায়ার সার্ভিসের সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এ প্রশিক্ষণে ক্র্যাবের ৪৮ জন সদস্য অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।
দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকদের অগ্নিনির্বাপণ, জরুরি উদ্ধার কার্যক্রম, প্রাথমিক চিকিৎসা, ভূমিকম্প ব্যবস্থাপনা এবং সংবাদ সংগ্রহের সময় ব্যক্তিগত নিরাপত্তা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল এম এ আজাদ আনোয়ার, পিএসসি; ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন, বিএফএম (বার); সহকারী পরিচালক (প্রশিক্ষণ) মো. মোস্তফা মোহসীন, বিএফএম এবং ক্র্যাবের সাধারণ সম্পাদক এম এম বাদশাসহ অন্যান্যরা।
প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে ৩ আগস্ট পরিচালক (প্রশিক্ষণ) লে. কর্নেল এম এ আজাদ আনোয়ার, পিএসসি অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন।
সূত্র: ফায়ার সার্ভিস মিডিয়া সেল
এফপি/র