নাগরিকদের জন্য স্বচ্ছ, দালালমুক্ত ও হয়রানিমুক্ত পাসপোর্ট সেবা নিশ্চিত করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক পাসপোর্ট অফিস আকস্মিক পরিদর্শন করেছেন জেলা পরিষদের প্রশাসক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বেলা ১১টার দিকে তিনি অফিসটি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে প্রশাসক পাসপোর্ট সেবা নিতে আসা বিভিন্ন সেবাপ্রার্থীর সঙ্গে কথা বলেন। এ সময় তিনি নির্ধারিত নিয়ম অনুযায়ী সেবা প্রদান করা হচ্ছে কি না এবং সেবাগ্রহীতারা কোনো ধরনের ভোগান্তি বা হয়রানির শিকার হচ্ছেন কি না, সে বিষয়ে খোঁজখবর নেন।
পরে তিনি আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালকের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি পাসপোর্ট সেবার মান আরও উন্নত করা, দালালমুক্ত পরিবেশ বজায় রাখা এবং সেবাপ্রার্থীদের দ্রুত, সহজ ও মানসম্মত সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহিন, প্রচার সম্পাদক মোহাম্মদ মাহিন, ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার পরিচালক শেখ আরিফ বিল্লাহ আজিজী, পৌর ওলামা দলের সাধারণ সম্পাদক সৈয়দ কাসেমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এফপি/র