দিনাজপুরের ফুলবাড়ীতে যাত্রীবেশী দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নবিরুল ইসলাম (৪১) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আকাশ আহম্মেদ (২২) নামে এক দুর্বৃত্তকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৮ জুলাই) রাত ১০টার দিকে ফুলবাড়ী উপজেলার উত্তর লক্ষ্মীপুর কুর্শাখালী রেলগেট এলাকায়। নিহত নবিরুল ইসলাম বিরামপুর উপজেলার দুর্গাপুর গ্রামের শাহাব উদ্দিনের ছেলে। আটক আকাশ আহম্মেদ জয়পুরহাটের বাসিন্দা মনোয়ার হোসেনের ছেলে। তবে তিনি বর্তমানে ফুলবাড়ী পৌর এলাকার চকসাহাবাজপুর গ্রামে তাঁর সৎপিতা শাহজাহান আলীর সঙ্গে বসবাস করেন।
জানা যায়, শনিবার (১৮ জুলাই) রাত ১০টার দিকে শাহাবাজপুর যাওয়ার জন্য পৌর শহরের ঢাকা মোড় (শাপলা চত্বর) থেকে নবিরুল ইসলামের অটোরিকশায় তিনজন যাত্রীবেশী দুর্বৃত্ত ওঠে। অটোরিকশাটি উত্তর লক্ষ্মীপুর কুর্শাখালী রেলগেট এলাকায় পৌঁছালে তারা চালকের কাছ থেকে অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে দুর্বৃত্তরা নবিরুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে মুমূর্ষু অবস্থায় ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা নবিরুল ইসলামকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ রাত ১টার দিকে অভিযান চালিয়ে ঘোড়াঘাট উপজেলা এলাকা থেকে ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করে এবং আকাশ আহম্মেদ নামে এক ছিনতাইকারীকে আটক করে। তবে এ সময় অপর দুই দুর্বৃত্ত পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন, এ ঘটনায় রাতেই অটোরিকশাটি উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়েছে। নিহত নবিরুল ইসলামের চাচা নুরুল ইসলাম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এফপি/র