গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের মাঝে সরকারি মঞ্জুরিকৃত আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) গাইবান্ধা সার্কেলের উদ্যোগে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা, ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল কবীর, পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুল, সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান তুলি, বিআরটিএ গাইবান্ধা সার্কেলের সহকারী পরিচালক মো. শফিকুল আলম সরকার এবং মোটরযান পরিদর্শক মো. কামাল আহমেদ কাজলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিআরটিএ গাইবান্ধা সার্কেল সূত্রে জানা যায়, সড়ক দুর্ঘটনায় নিহত ১২ জনের পরিবারকে জনপ্রতি ৫ লাখ টাকা, গুরুতর আহত এবং চিকিৎসার পরও স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা নেই—এমন ৭ জনকে জনপ্রতি ৩ লাখ টাকা এবং গুরুতর আহত হলেও চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা রয়েছে—এমন ৬ জনকে জনপ্রতি ১ লাখ টাকা করে মোট ৮৭ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
এফপি/র