নাটোর শহরের দত্তপাড়া এলাকায় ট্রাক ও যাত্রীবাহী ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
আজ শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে দত্তপাড়া এলাকার রিভু ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তমিজ উদ্দিন (৪০) নাটোর সদর উপজেলার অর্জুনপুর গ্রামের বাসিন্দা মৃত মাজম আলীর ছেলে। আহত আসাদুল (৪০) দিয়ারসাতুরিয়া এলাকার বাসিন্দা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে নাটোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকার দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ভ্যানচালক তমিজ উদ্দিন মারা যান। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশের পরিদর্শক শেখ মো. জাকির হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং পলাতক ট্রাকচালক ও তাঁর সহকারীকে শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।
এফপি/ফ