মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের মান্দ্রা গ্রামবাসীর উদ্যোগে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এক মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) অনুষ্ঠিত এ কর্মসূচিতে “মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ি” স্লোগানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিপুলসংখ্যক গ্রামবাসী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদক শুধু ব্যক্তির জীবনকেই ধ্বংস করে না, বরং পরিবার ও পুরো সমাজব্যবস্থার জন্য ভয়াবহ হুমকি সৃষ্টি করে। তাই মাদকের বিস্তার রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, পারিবারিক নজরদারি এবং সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ মো. সেলিম। তিনি বলেন, মান্দ্রা গ্রামবাসী মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। মাদকসংক্রান্ত যেকোনো তথ্য গোপন না রেখে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সম্মিলিত উদ্যোগেই মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।
মানববন্ধনের পরিচালক জাহিদ হাসান বলেন, মাদক দীর্ঘদিন ধরে সমাজে একটি ভয়াবহ ব্যাধি হিসেবে বিস্তার লাভ করেছে। এ অভিশাপ থেকে মুক্তি পেতেই আজ গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়েছে। তিনি আরও বলেন, মাদকাসক্তরা আমাদেরই ভাই, বন্ধু ও আত্মীয়স্বজন। তাই তাঁদের সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সকলকে একসঙ্গে কাজ করতে হবে। একই সঙ্গে মাদকের বিস্তার রোধে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
মানববন্ধনে অংশগ্রহণকারী সাধারণ জনগণ বলেন, করোনা মহামারির সময় যেভাবে সবাই সচেতন হয়ে একসঙ্গে কাজ করেছিলেন, ঠিক তেমনি মাদকের বিরুদ্ধেও সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। কর্মসূচি শেষে উপস্থিত সবাই মাদকমুক্ত, নিরাপদ ও সুন্দর সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
এফপি/অ