কক্সবাজার শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৯২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ সময় বাসের এক হেলপারকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অভিযানের সময় বাসের চালক পালিয়ে যান।
শুক্রবার (১০ জুলাই) রাত ৯টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে একদল পুলিশ কেন্দ্রীয় বাস টার্মিনালে অভিযান চালায়। এ সময় কক্সবাজার থেকে ঢাকাগামী সেন্টমার্টিন ট্রাভেলসের একটি স্লিপার কোচে তল্লাশি চালানো হয়।
পুলিশের দাবি, বাসটির ৪ ও ৫ নম্বর স্লিপিং সিটের নিচে পাটাতনের সঙ্গে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় ৯২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৭৬ লাখ টাকা।
এ ঘটনায় বাসের হেলপার মো. শেখ রাতুল (২৩) কে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বাড়ি সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার বাদেরশ্বর ইউনিয়নে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতেই ইয়াবার চালানটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অভিযানের সময় বাসের চালক নাজমুল ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।এ ব্যাপারে কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী বলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার উৎস, প্রকৃত মালিক এবং এর সঙ্গে জড়িত চক্রকে শনাক্ত করতে তদন্ত চলছে।
এফপি/ফ