পিরোজপুর সদর উপজেলায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৪৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ জুলাই) ভোরে উপজেলার টোনা ইউনিয়নের তেতুলতলা এলাকায় এ অভিযান চালানো হয়।
পরে দুপুরে পিরোজপুর সদর থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. মনজুর আহমেদ সিদ্দিকী।
গ্রেপ্তাররা হলেন— মো. হাসান ওরফে মেহেদী হাসান (২৭), মো. আল-আমিন শেখ (২৬) এবং আলী হোসেন (৪০)।
পুলিশ জানায়, ভোর ৬টার দিকে সদর থানার ওসির নেতৃত্বে অভিযান শুরু হয়। প্রথমে কদমতলা বাজার এলাকা থেকে হাসান ও আল-আমিনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে ৩০ হাজার টাকায় অস্ত্র বিক্রির তথ্য পাওয়া যায়।
এর ভিত্তিতে তেতুলতলা এলাকায় আলী হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও ৪৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশ সুপার জানান, তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
এফপি/র