পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নওগাঁর মান্দা উপজেলায় ৫০০টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
গত শনিবার উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অর্থ বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। অনুষ্ঠানে প্রত্যেক পরিবারকে নগদ ২ হাজার টাকা করে মোট ১০ লাখ টাকা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ এবং রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাস শাখা ছাত্রদলের সাবেক সভাপতি জামিল হোসেন প্রামানিকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি ডা. টিপু বলেন, “অতীতেও এ ধরনের সরকারি বরাদ্দ আসত, কিন্তু সাধারণ মানুষ সে বিষয়ে জানতে পারত না এবং সঠিকভাবে বিতরণও হতো না। তবে বর্তমান সরকার প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার অনুযায়ী শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে প্রকৃত উপকারভোগীদের হাতে সরাসরি এই সহায়তা পৌঁছে দিচ্ছে।”
তিনি আরও বলেন, পবিত্র ঈদের আনন্দ যেন প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যায়, সেই লক্ষ্যেই সরকার তৃণমূলের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এফপি/অ