Dhaka, Thursday | 23 July 2026
         
English Edition
   
Epaper | Thursday | 23 July 2026 | English
শিরোনাম:

সুনামগঞ্জের ১১ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৬:১০ পিএম  (ভিজিটর : ৫)

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পুলিশের ছদ্মবেশী বিশেষ অভিযানে ১১টি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি দেলোয়ার হোসেন (৩২) গ্রেপ্তার হয়েছেন। তার বিরুদ্ধে আদালতের জারি করা ৬টি গ্রেপ্তারি পরোয়ানাও দীর্ঘদিন ধরে কার্যকর হওয়ার অপেক্ষায় ছিল।

মঙ্গলবার (২১ জুলাই) দোয়ারাবাজার থানার এসআই তানজির আহমেদের নেতৃত্বে এএসআই আশরাফ খান, এএসআই আবু নাঈম, এএসআই মো. আমির হোসেন সিকদার এবং সঙ্গীয় ফোর্স উপজেলার মৌলারপাড় এলাকায় ছদ্মবেশে অবস্থান নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে দীর্ঘদিন আত্মগোপনে থাকা দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দেলোয়ার হোসেন উপজেলার ১ নম্বর বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় গ্রামের রফিকুল ইসলাম ওরফে রফুর ছেলে। থানা সূত্রে জানা গেছে, ২০২২ সাল থেকে চলতি বছর পর্যন্ত দায়ের হওয়া ১১টি মামলার এজাহারভুক্ত আসামি তিনি।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম তালুকদার বলেন, দেলোয়ার হোসেন ১১টি মামলার এজাহারভুক্ত আসামি। তিনি অধিকাংশ সময় আন্তর্জাতিক সীমান্তসংলগ্ন এলাকায় অস্থায়ী কুঁড়েঘর নির্মাণ করে আত্মগোপনে থাকতেন। দীর্ঘদিন নজরদারির পর সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

এফপি/ফ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝