Dhaka, Wednesday | 19 August 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 19 August 2026 | English
শিরোনাম:

নির্দেশনা উপেক্ষা করে যাত্রী নিয়েই ফেরিতে বাস

প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৬:৫০ পিএম  (ভিজিটর : ৫০)

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ফেরিতে ওঠার সময় যাত্রীদের গাড়ি থেকে নামানোর সরকারি নির্দেশনা থাকলেও বাস্তবে তা মানা হচ্ছে না। ফলে প্রতিদিনই ঝুঁকিপূর্ণ অবস্থায় যাত্রীসহ বাস ফেরিতে উঠছে। সংশ্লিষ্টদের নজরদারি ও কার্যকর পদক্ষেপের অভাবে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন সচেতন মহল।

শনিবার (২৩ মে) সরেজমিনে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় দেখা যায়, বিভিন্ন পরিবহনের যাত্রীবাহী বাস সরাসরি যাত্রী নিয়েই ফেরিতে উঠছে। অনেক যাত্রীই জানেন না যে, ফেরিতে ওঠার আগে নিরাপত্তার স্বার্থে বাস থেকে নেমে যাওয়ার নির্দেশনা রয়েছে।

বরিশাল থেকে ছেড়ে আসা সাকুরা পরিবহনের এক চালক বলেন, “আমাদের ফেরিঘাটে আসার সময় কেউ যাত্রী নামানোর কথা বলেনি। যদি কর্তৃপক্ষ বা ঘাটের লোকজন বলত, তাহলে অবশ্যই যাত্রী নামিয়ে ফেরিতে উঠতাম। যাত্রী নিয়ে বাস ওঠানো ঝুঁকিপূর্ণ। যাত্রীরা নেমে গেলে গাড়ি নিয়ন্ত্রণ করাও সহজ হয়।”

জননী পরিবহনের যাত্রী সেলিম বলেন, “আমাদের কেউ গাড়ি থেকে নামতে বলেনি। আমরা তো জানিই না ফেরিতে ওঠার আগে বাস থেকে নামতে হয়। যদি জানানো হতো তাহলে অবশ্যই নেমে যেতাম।”

একই পরিবহনের আরেক যাত্রী বলেন, “ফরিদপুর থেকে ঢাকায় যাচ্ছি। কোথাও কেউ বলেনি যে ফেরিতে ওঠার আগে বাস থেকে নামতে হবে। সচেতনতার অভাব আছে, আবার কর্তৃপক্ষের পক্ষ থেকেও কঠোর ব্যবস্থা দেখা যায় না।”

এ বিষয়ে দৌলতদিয়া ঘাট শাখার বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক মোঃ সালাউদ্দিন বলেন, “যাত্রীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা নিয়মিত মাইকিং ও প্রচারণা চালিয়ে যাচ্ছি। ফেরিতে ওঠার আগে যাত্রীদের গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে ফেরিতে ওঠার জন্য বারবার অনুরোধ করা হয়। কিন্তু অনেক সময় যাত্রীরা নিজেরাই গাড়ির ভেতরে বসে থাকতে চান। এছাড়া কিছু পরিবহন শ্রমিকও বিষয়টি গুরুত্ব দেয় না।”

তিনি আরও বলেন, “আমাদের দায়িত্বপ্রাপ্ত লোকজনকে যাত্রী নামিয়ে দেওয়ার নির্দেশনা দেওয়া আছে। তারপরও ব্যস্ততার কারণে বা অসচেতনতার জন্য কিছু ক্ষেত্রে তা বাস্তবায়ন হয় না। আমরা বিষয়টি আরও কঠোরভাবে তদারকি করবো, যাতে ভবিষ্যতে কোনো দুর্ঘটনা না ঘটে।”

উল্লেখ্য, গত ২৫ মার্চ বিকেল সোয়া ৫টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী ‘সৌহার্দ্য পরিবহন’ নামের একটি বাস দৌলতদিয়ার ৩ নম্বর পন্টুন দিয়ে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। ওই মর্মান্তিক দুর্ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়। এরপর থেকেই বিআইডব্লিউটিসির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ফেরিতে ওঠার আগে সকল যাত্রীকে বাস থেকে নামিয়ে নেওয়ার নির্দেশনা জারি করে। তবে বাস্তবে সেই নির্দেশনার কার্যকর প্রয়োগ এখনো দৃশ্যমান নয়।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝