চমকে দেয়াই যেন জায়েদ খানের কাজ। এবার নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি-র সঙ্গে অভিনয় করে সবাইকে চমকে দিলেন ঢালিউড অভিনেতা জায়েদ খান। নিউইয়র্কভিত্তিক গণমাধ্যম ‘ঠিকানা’-র প্রযোজনায় প্রবাসীদের নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ইমিগ্র্যান্ট ডায়েরিজ’-এর দ্বিতীয় পর্বে ঘটেছে এ ঘটনা।
যুক্তরাষ্ট্র থেকে শনিবার সকালে জায়েদ খান বলেন, “একজন মেয়র হিসেবে মামদানিকে ইন্টারভিউর জন্য পাওয়া যেতে পারে, বক্তব্য দেওয়ার জন্য পাওয়া যেতে পারে, কিন্তু অভিনয়ের জন্য এভাবে তিনি সানন্দে রাজি হবেন— এটা ছিল কল্পনার অতীত। তিনি বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞ। তার নির্বাচনে বাংলাদেশিরা কী ভূমিকা রেখেছেন, তিনি তা মনে রেখেছেন। সে জায়গা থেকেই তিনি বাংলাদেশের প্রতি তার ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়েছেন।”
জায়েদ খান আরও বলেন, “ঠিকানা আমেরিকার অনেক পুরোনো গণমাধ্যম। সে জায়গা থেকেই এটির প্রতি সবারই একটি অন্যরকম শ্রদ্ধা আছে। মামদানিও যথারীতি এখানে অনেক ইন্টারভিউ, ফান্ডরাইজিং ও সচেতনতামূলক ক্যাম্পেইনে অংশ নিয়েছেন। অন্যদিকে ঠিকানাও নিউইয়র্ক সিটি মেয়র অফিস ও বিভিন্ন এজেন্সির সঙ্গে কাজ করেছে। আমেরিকায় বাংলাদেশি ডায়াসপোরার কাছে পৌঁছানোর অন্যতম মাধ্যম ঠিকানা।”
অভিনয়ের সময়ও অত্যন্ত আন্তরিক ছিলেন মামদানি। এমনকি পোস্টারে তার ছবি ব্যবহার নিয়েও কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন তিনি। জায়েদ খানের কণ্ঠে সেই উচ্ছ্বাসই ধরা পড়েছে।
প্রায় দুই বছর ধরে নিউইয়র্কে অবস্থান করছেন জায়েদ খান। ‘ঠিকানা’-র বিভিন্ন আয়োজনে নিয়মিত দেখা গেছে তাকে। এ বিষয়ে তিনি বলেন, “খুব ভালো আছি। সময় হলেই ফিরব দেশে।”
জায়েদ খান জানান, প্রবাসীদের গল্প নিয়ে নির্মিত ‘ইমিগ্র্যান্ট ডায়েরিজ’ আগামী ২৭ মে বাংলাদেশ সময় রাত ৯টায় ‘ঠিকানা’-র ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে।
এফপি/অ