ভালোবাসা ও বাংলা চলচ্চিত্রের এক অবিস্মরণীয় অধ্যায়কে ঘিরে নির্মিত হলো ‘লাভ ৯৬’ নামের একটি সিনেমা। সময়ের আবেগ, মানুষের আন্তরিক সম্পর্ক এবং নব্বই দশকের চিরসবুজ সুপারস্টার সালমান শাহকে ঘিরে ভক্তদের অনুভূতির গল্প উঠে এসেছে সিনেমাটিতে।
রাইসা ফিল্মসের ব্যানারে মো. জসিম উদ্দিনের প্রযোজনায় নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন ইভান মল্লিক। এতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন আরিয়ান খান ও পূর্ণতা। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিবা সানু, সানজিদা মিলা, তমাল মাহবুব, রেবেকা রউফ, আরমান খান, প্রিয়া, ডিজে সোহেল, রুবেল রানা ও সিমান্ত খন্দকারসহ আরও অনেকে।
সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছে টাঙ্গাইল, পুবাইল এবং সালমান শাহ অভিনীত বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমার পরিচিত লোকেশনে। মো. জসিম উদ্দিন জানান, দর্শকদের জন্য ভিন্নধর্মী এক আবেগের গল্প তুলে ধরতেই এই আয়োজন। নব্বই দশকের আবহ এবং সেই সময়ের অনুভূতি বাস্তবভাবে তুলে ধরতেই এমন লোকেশন নির্বাচন করা হয়েছে। ইতিমধ্যেই বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে ‘লাভ ৯৬’।
এফপি/অ