মোংলা নদীতে দুই ট্রলারের মুখোমুখি সংঘর্ষে ইপিজেডের অন্তত ১৫ থেকে ২০ জন পোশাক শ্রমিক নদীতে ছিটকে পড়েছেন। এ ঘটনায় ৬ থেকে ৭ জন গার্মেন্টস শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার (১৯ মে) রাত সাড়ে ৮টার দিকে মোংলা নদী পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে।
প্রতক্ষ্যদর্শী ও ট্রলারে থাকা গার্মেন্টস শ্রমিকরা জানায় , মোংলা ইপিজেডের ছুটি শেষে একটি ট্রলারে করে ৭০ থেকে ৮০ জন গার্মেন্টস শ্রমিক ট্রলার যোগে মোংলা নদী পার হচ্ছিলেন। ট্রলারটি নদীর মাঝপথে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রলারের সাথে এটির জোরালো সংঘর্ষ হয়। এতে ট্রলারে থাকা যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় এবং ১৫ থেকে ২০ জন শ্রমিক নদীতে ছিটকে পড়েন। দুর্ঘটনার পর বেশ কয়েকজন শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ৬ থেকে ৭ জন নিখোঁজ রয়েছেন বলে তাদের সহকর্মীরা জানিয়েছেন। তবে নিখোঁজ ব্যক্তিদের নাম ও সঠিক পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে নিখোঁজদের উদ্ধারে দ্রুত ঘটনাস্থলে রওনা দিয়েছে ফায়ার সার্ভিস, নৌবাহিনী, কোস্টগার্ড ও নৌপুলিশের উদ্ধারকারী দল। অন্ধকার ও নদীর তীব্র স্রোতের মধ্যেই নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে বিভিন্ন পয়েন্টে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। তবে তারা কি নদীতে তলিয়ে গেছে নাকি সাতার কেটে উঠতে সক্শ হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ট্রলার মাঝিদের খামখেয়ালিপনা ও গাফেলতি বলে দাবী করছে পারাপার যাত্রীরা।
এফপি/অ