গ্রামীণ শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ শিক্ষাজীবনকে আরও সমৃদ্ধ করতে বরগুনার আমতলীতে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি। “স্মার্ট স্টুডেন্ট ফাইন্যান্স” প্রোগ্রামের আওতায় উপজেলার পাঁচটি মাধ্যমিক বিদ্যালয়ের ২০০ জন শিক্ষার্থীর জন্য ফ্রি স্পোকেন ইংলিশ কোর্স চালু এবং শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকালে আমতলী উপজেলার শাখারিয়া মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। শাখারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুক আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্র্যাকের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার (দাবি) বি. এম আফজাল হোসেন।
সংশ্লিষ্টরা জানান, অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে ২০০টি জ্যামিতি বক্স, ২০০টি খাতা, ২০০টি স্কেল, ২০০টি কলম ও ২০০টি কভার ফাইল সহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের উৎসাহিত করা হয়েছে। এবং স্পোকেন ইংলিশ কোর্স কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।
প্রধান শিক্ষক মো. ফারুক আহমেদ বলেন, ব্র্যাকের এ ধরনের সময়োপযোগী উদ্যোগ শিক্ষার্থীদের শিক্ষা জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি শিক্ষা উপকরণ বিতরণের জন্য ব্র্যাক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
ব্র্যাকের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার (দাবি) বি. এম আফজাল হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান বিশ্বে ইংরেজি ভাষা শেখা শুধু একটি দক্ষতা নয়, বরং এটি ভবিষ্যৎ সাফল্যের অন্যতম চাবিকাঠি। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলারও আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, গ্রামের শিক্ষার্থীরাও যেন বিশ্বমানের প্রতিযোগিতায় নিজেদের জায়গা করে নিতে পারে, সেই লক্ষ্য নিয়েই ব্র্যাক কাজ করছে। প্রত্যেক শিক্ষার্থীর ভেতরে সম্ভাবনা রয়েছে। নিজেদের ইচ্ছাশক্তি, অধ্যবসায় ও আত্মবিশ্বাসকে কাজে লাগাতে পারলে তারা অবশ্যই সফল হবে। ব্র্যাক সবসময় শিক্ষার্থীদের পাশে থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) মাহমুদুল হাসান, আঞ্চলিক ব্যবস্থাপক (এসএসএফ) মো. ফিরোজ আহমেদ, জেলা ব্যবস্থাপক (ওয়াশ কর্মসূচি) মো. শফিকুল ইসলাম, এলাকা ব্যবস্থাপক (দাবি) সাইফুল ইসলাম, এলাকা ব্যবস্থাপক (এসএসএফ) মো. আসাদুর রহমান এবং মো. সাবির আলীসহ স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
এফপি/জেএস