চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকায় দায়িত্ব পালনকালে পুলিশের ছোড়া গুলিতে আহত হয়েছেন দুই সাংবাদিক। তারা হলেন দৈনিক চট্টগ্রাম প্রতিদিন–এর স্টাফ রিপোর্টার নোবেল হাসান এবং আব্দুল্লাহ আল মামুন। ঘটনার মধ্যে নোবেল হাসান গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশু নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে বাকলিয়া এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। ঘটনাটি সংবাদ সংগ্রহ ও সরাসরি সম্প্রচার (লাইভ) করতে ঘটনাস্থলে যান দুই সাংবাদিক। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি ছুড়লে তারা আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। সাংবাদিকদের ওপর গুলির ঘটনায় পেশাগত মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। সহকর্মী ও সাংবাদিক সংগঠনের নেতারা বলেন, দায়িত্ব পালনরত অবস্থায় সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়।
তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের শনাক্ত করে ব্যবস্থা গ্রহণ এবং আহত দুই সাংবাদিকের উন্নত চিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। পাশাপাশি মাঠপর্যায়ে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এফপি/এমআই