বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘উৎসব’-এ মুক্তি পেয়েছে গেল ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে আলোচনায় থাকা দুই সিনেমা ‘প্রিন্স’ ও ‘রাক্ষস’। বিগ বাজেটের এই দুই সিনেমা এখন দর্শকরা ঘরে বসেই উপভোগ করতে পারছেন।
‘উৎসব’-এর প্রধান নির্বাহী জাহিদ হাসান অভি জানান, গতকাল রাত ১২টায় ‘প্রিন্স’ ও ‘রাক্ষস’-এর মাধ্যমে প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। তিনি বলেন, ‘উৎসবের ওয়েবসাইটে (www.utshob.live) প্রবেশ করে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে দর্শকরা এখন সিনেমা দুটি উপভোগ করতে পারছেন। ৮৫ টাকার এক টিকিটে দুইটি ছবি দেখতে পাছেন দর্শকরা। প্রথম দিন থেকেই দর্শকদের সাড়ায় আমরা মুগ্ধ। সিনেমা দুটি উৎসবের পাশাপাশি বায়োস্কোন প্লাসেও দেখা যাচ্ছে।’
শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ এবং কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ড। গেল ঈদে মুক্তির পর সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হলেও ডিসিপি ও সার্ভার জটিলতার কারণে দেশের অনেক প্রেক্ষাগৃহে ঠিকভাবে সিনেমাটি উপভোগ করা সম্ভব হয়নি।
প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, ওটিটি মুক্তির আগে সিনেমাটির ডিজিটাল সংস্করণ নতুনভাবে প্রস্তুত করা হয়েছে। সাউন্ড, কালার গ্রেডিং ও ভিএফএক্স নিয়ে দর্শকদের যেসব অভিযোগ ছিল, সেগুলো সংশোধন করে আরও উন্নত মানে সিনেমাটি উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। ফলে দর্শকরা এখন ওটিটিতে ‘প্রিন্স’-এর আরও পরিপূর্ণ সংস্করণ দেখতে পারছেন।
অন্যদিকে মেহেদি হাসান হৃদয় পরিচালিত ‘রাক্ষস’ ইতোমধ্যেই অ্যাকশনপ্রেমী দর্শকদের মধ্যে আলাদা আগ্রহ তৈরি করেছে। নির্মাতার ভাষ্য অনুযায়ী, সিনেমাটি মূলত ‘বরবাদ ইউনিভার্স’-এর একটি অংশ। প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকরাও সেই নির্মাণশৈলী ও আবহের মিল খুঁজে পেয়েছেন।
রোমান্টিক অ্যাকশন-থ্রিলার ঘরানার এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। তার বিপরীতে রয়েছেন কলকাতার অভিনেত্রী সুষ্মিতা চ্যাটার্জি। এছাড়া অভিনয় করেছেন আলী রাজ, সোহেল মণ্ডলসহ আরও অনেকে। সিনেমার বিশেষ একটি গানে অংশ নিয়েছেন বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক।
‘রাক্ষস’-এর মাধ্যমে সিয়াম আহমেদকে পুরোপুরি অ্যাকশনধর্মী নায়ক হিসেবে নতুনভাবে আবিষ্কার করেছেন দর্শকরা। সিনেমা হলের পর আরও বেশি দর্শকের কাছে পৌঁছে দিতেই এবার ওটিটিতে মুক্তি দেওয়া হয়েছে সিনেমাটি।
প্রাথমিকভাবে দর্শকরা সরাসরি ‘উৎসব’-এর ওয়েবসাইটে প্রবেশ করে সাবস্ক্রিপশনের মাধ্যমে ‘প্রিন্স’ ও ‘রাক্ষস’ উপভোগ করতে পারছেন। প্লাটফর্মটিতে মাসিক ৯৯ টাকা, তিন মাসের প্যাকেজে ২৩৯ টাকা এবং বাৎসরিক প্যাকেজ ৪২৯ টাকায় উৎসবের শতাধিক সিনেমা, নাটক ও ওয়েব সিরিজ দেখার সুযোগ পাবেন দর্শকরা। খুব শিগগিরই গুগল প্লে স্টোরে ‘উৎসব’ অ্যাপ উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া পর্যায়ক্রমে আইওএস, অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, অ্যান্ড্রয়েড টিভি এবং স্যামসাং স্মার্ট টিভিতেও ‘উৎসব’-এর সেবা চালুর পরিকল্পনা রয়েছে।
এফপি/জেএস