ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শেষে বাংলাদেশ দলের হাফ ছেড়ে বাঁচার সুযোগ নেই। অজিদের বিপক্ষে টাইগারদের টি-২০ সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২১ জুন, এরপর উড়াল দিতে হবে জিম্বাবুয়ের উদ্দেশে।
জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ দল একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলবে। সিরিজে টেস্ট একটি থাকলেও ওয়ানডে ও টি-টোয়েন্টির সংখ্যা তিনটি করে।
শুক্রবার (২২ মে) জিম্বাবুয়ে ক্রিকেট বিবৃতি দিয়ে বিষয়টি জানিয়েছে।
হারারেতে আগামী ২৮ জুন টেস্ট দিয়ে দুই দলের লড়াই শুরু হবে। একই ভেন্যুতে ওয়ানডে ম্যাচগুলো হবে ৬, ৯ ও ১১ জুলাই। উভয় দল এরপর চলে যাবে বুলাওয়েতে। সেখানে কুইন স্পোর্টস ক্লাবে টি-টোয়েন্টির তিনটি ম্যাচ যথাক্রমে ১৫, ১৭ ও ১৯ জুলাই।
জিম্বাবুয়ে ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক গিভমোর মাকোনি বলেছেন, ‘আমরা অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও রোমাঞ্চকর একটি সিরিজ প্রত্যাশা করছি। এই সফরটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ চলতি বছরের শুরুতে আইসিসি পুরুষ টি-২০ বিশ্বকাপে দলের অসাধারণ পারফরম্যান্সের পর আমাদের হোম ভেন্যুতে দারুণ ক্রিকেট প্রত্যাশা করছি।’
বাংলাদেশ এই সফরটিকে প্রতিশোধের উপলক্ষ্য হিসেবে দেখতে পারে। দুই দলের শেষবারের দেখা হওয়া টেস্টে টাইগাররা ইনিংস ও ১০৬ রানের ব্যবধানে হেরে যায়, গত বছরের এপ্রিলে ওই ম্যাচটি হয়েছিল চট্টগ্রামে, যদিও সিলেট টেস্টে বাংলাদেশ তিন উইকেটে জয় পায়। তাছাড়া জিম্বাবুয়ের মাটিতে শেষ সফরেও বাংলাদেশ দুই ফরম্যাটে (ওয়ানডে ও টি-২০) সিরিজ হেরেছিল। দুইটি সিরিজের ব্যবধানই ২-১।
এফপি/অ