আজ শনিবার (২৩ মে) প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ সফরে যাচ্ছেন। সফরে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী অনুষ্ঠান উদ্বোধন করবেন তিনি। পাশাপাশি একটি খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন এবং নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করবেন।
সফরসূচি থেকে জানা যায়, সকাল ৯টায় গুলশানের বাসা থেকে সড়কপথে ত্রিশালের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর ১২টায় ত্রিশালের বৈলর ইউনিয়নের ধরার খাল পুনঃখনন অনুষ্ঠানে উপস্থিত থেকে খাল খননের উদ্বোধন করবেন তিনি। পরে বেলা ৩টায় ত্রিশালের ঐতিহ্যবাহী নজরুল একাডেমি মাঠে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী অনুষ্ঠান উদ্বোধন করবেন।
তিনি বিকালে ত্রিশালের নজরুল অডিটরিয়ামে ময়মনসিংহ দক্ষিণ জেলা ও উত্তর জেলা বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেবেন। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে ময়মনসিংহ জেলা প্রশাসন।
এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। তিন দিনব্যাপী নজরুল জয়ন্তী উপলক্ষে ত্রিশালের নজরুল একাডেমি মাঠে মেলা বসে। পাশাপাশি একই মাঠে নজরুল মঞ্চে দিনব্যাপী চলে আলোচনাসভা ও সংস্কৃতি অনুষ্ঠান।
এফপি/অ