খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু হয়েছে। চলতি বছরে মোট ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
সোমবার (২০ জুলাই) পরিচালক স্বাস্থ্য কার্যালয়, খুলনা বিভাগের প্রকাশিত সর্বশেষ ডেঙ্গু প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খুলনায় ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। প্রায় প্রতিদিনই কেউ না কেউ এ রোগে আক্রান্ত হচ্ছে। এ সময় বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে নতুন করে ৪৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন জানান, গত ২৪ ঘণ্টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ জুলাই সকাল পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত খুলনা বিভাগে মোট ১ হাজার ৫১৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১ হাজার ৩১০ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ১৭৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া উন্নত চিকিৎসার জন্য ২৪ জন রোগীকে রেফার করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বাগেরহাটে সর্বোচ্চ ১৫ জন, খুলনা জেলায় ১১ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন, মাগুরায় ৩ জন, নড়াইলে ৩ জন, যশোরে ২ জন এবং ঝিনাইদহে ২ জন ভর্তি হয়েছেন। তবে চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, সাতক্ষীরা জেলা এবং সাতক্ষীরা এ হাসপাতালে এ সময়ে কোনো নতুন রোগী ভর্তি হয়নি।
স্বাস্থ্য বিভাগ ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস, বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জ্বর দেখা দিলে দ্রুত হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়ার আহ্বান জানিয়েছে।
এফপি/ফ