মিরপুর বিআরটিএ-তে সেবাগ্রহীতাদের হয়রানি ও অবৈধ অর্থ লেনদেনের অভিযোগে দালাল চক্রের আট সদস্যকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
রবিবার (১৯ জুলাই) দুপুর আনুমানিক একটার দিকে কাফরুল থানা এলাকার মিরপুর বিআরটিএ কার্যালয়ে এ অভিযান চালানো হয়। সেখানে গাড়ির জরুরি কাজ দ্রুত করে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার সময় হাতেনাতে তাদের ধরা হয়।
পিসি মোঃ খোরশেদ আলমের নেতৃত্বে এবং এপিসি আল মিজান, আনসার সদস্য সম্রাট, স্বপন, নয়ন, রাকিব ও রোকনুজ্জামানের সহায়তায় বিআরটিএ অভ্যন্তরে এ বিশেষ অভিযান পরিচালিত হয়। সন্দেহজনক গতিবিধি নজরে আসায় আনসার সদস্যরা তৎপর হয়ে এই সক্রিয় চক্রটিকে সফলভাবে আটক করতে সক্ষম হন।
আটককৃতদের তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এর মধ্যে ইমরান হোসেন, ইমরান আলী ও মিজানুর রহমান প্রত্যেককে ২ মাস এবং রফিককে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া মোতাহের হোসেন, নাসির, শামসুল ইসলাম ও হাসান আলীকে মোট ৩৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কাফরুল থানায় হস্তান্তর করা হয়েছে।
দেশের গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষা এবং দালালদের দৌরাত্ম্য রোধে আনসার বাহিনীর এমন তাৎক্ষণিক ও পেশাদার পদক্ষেপ জনসাধারণের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।
এফপি/অ