রাজবাড়ীর গোয়ালন্দে বোনের জানাজায় অংশগ্রহণের জন্য এক হাজতী আসামিকে সাময়িকভাবে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। বুধবার (২০ মে) বিকেলে নির্ধারিত সময়ের জন্য তাকে এ মুক্তি প্রদান করা হয়।
জানা যায়, গোয়ালন্দ উপজেলার বদিউজ্জামান ব্যাপারী পাড়া এলাকার বাসিন্দা জনাব মোঃ নজরুল ইসলাম শেখ তার ভাই হাজতী আসামি সিরাজুল শেখের প্যারোলে মুক্তির আবেদন করেন। আবেদন সূত্রে উল্লেখ করা হয়, সিরাজুল শেখের বোন মমতাজ বেগম মারা যাওয়ায় তার জানাজায় অংশগ্রহণের সুযোগ চেয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়।
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার এবাদুল্লা মিস্ত্রিপাড়া এলাকার মৃত আকবর শেখের ছেলে সিরাজুল শেখ। তিনি ২ এপ্রিল ২০২৬ তারিখের ৬৫/২০২৬ নং মোবাইল কোর্ট মামলায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারার মামলায় আসামি হিসেবে রাজবাড়ী জেলা কারাগারে আটক রয়েছেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মানবিক বিবেচনায় তাকে বোনের জানাজায় অংশগ্রহণের জন্য বুধবার (২০ মে) বিকাল ৩টা ৩০ মিনিট থেকে বিকাল ৫টা পর্যন্ত মোট ১ ঘণ্টা ৩০ মিনিটের জন্য শর্তসাপেক্ষে প্যারোলে মুক্তি প্রদান করে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্ধারিত সময় শেষে তাকে পুনরায় রাজবাড়ী জেলা কারাগারে ফিরিয়ে নেওয়া হবে।
এফপি/জেএস