নরসিংদীর পলাশ উপজেলায় গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহের সমন্বয়ে কার্যকর পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
বুধবার (২০ মে) উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মশালার আয়োজন করে পলাশ উপজেলা প্রশাসন। সহযোগিতায় ছিল বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ। তিনি তার বক্তব্যে বলেন, “অল্প সময়ে ও স্বল্প খরচে সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং দ্রুত আইনের প্রয়োগ নিশ্চিত করা গেলে প্রান্তিক জনগোষ্ঠীর সেবা আরও ত্বরান্বিত হবে।”
তিনি আরও বলেন, গ্রাম আদালতের কার্যক্রমকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সামাজিক সংগঠনগুলোর সক্রিয় অংশগ্রহণ এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গ্রাম আদালতের পলাশ উপজেলা শাখার সমন্বয়ক আলতাফুর রহমানের তত্ত্বাবধানে আয়োজিত কর্মশালায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুম ভুইয়া, যুব উন্নয়ন কর্মকর্তা শাহজাহান হোসেন, তথ্য সেবা কর্মকর্তা তানিয়া আফরোজ, আরআইসি কর্মকর্তা মাইনুল হক, ব্র্যাক কর্মকর্তা শামীম হোসেনসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
কর্মশালায় বক্তারা গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে প্রচার-প্রচারণা বৃদ্ধি, স্থানীয় পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম জোরদার এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, “অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এফপি/জেএস