রাজবাড়ীর সদরের গোয়ালন্দ মোরে অভিযান চালিয়ে প্রায় ৭ লাখ টাকা মূল্যমানের ২২০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১০। মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৮টার দিকে গোয়ালন্দ মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১০ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল রাজবাড়ী থেকে ফরিদপুরগামী সড়কে অভিযান চালায়। এ সময় একটি নছিমন তল্লাশি করে ২২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ লাখ ৬০ হাজার টাকা।
অভিযানে মো. শাহিনুর মন্ডল (২৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার বৈরাগীর চর এলাকার মৃত আরজেত মন্ডলের ছেলে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত নছিমনটিও জব্দ করা হয়েছে।
র্যাব জানায়, আটক শাহিনুর একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ফেনসিডিলসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে রাজবাড়ী, ফরিদপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিলেন।
উদ্ধারকৃত মাদক ও আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।”
এফপি/জেএস