বাউফলে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে বাবলু হাওলাদার নামে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। হামলায় তার গলার অর্ধেকাংশ কেটে যায় বলে জানিয়েছে পরিবার। এ ঘটনায় জড়িত অভিযোগে আব্দুল করিম নামে একজনকে আটক করেছে পুলিশ।
শনিবার রাতে উপজেলার কেশবপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। গুরুতর আহত বাবলুকে প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করেন।
আহতের স্বজন আলম হাওলাদার জানান, একই গ্রামের হালিম মৃধার ছেলে সাহেব আলী বাবলু হাওলাদারের কাছে আড়াই হাজার টাকা পাওনা দাবি করে আসছিল। এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে শনিবার রাতে বাবলু বাড়ির পাশের হালিম মৃধার বাড়িতে গেলে আগে থেকে ওৎ পেতে থাকা সাহেব আলী, সুমন, করিমসহ ৪ থেকে ৫ জনের একটি দল ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। একপর্যায়ে তাকে কুপিয়ে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায় হামলাকারীরা। পরে স্থানীরা ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় গুরুতর আহত অবস্থায় বাবলুকে পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেওয়া হয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইরফান উদ্দীন বলেন, "রোগীর গলায় গুরুতর আঘাত ছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
অভিযোগের বিষয়ে সাহেব আলী ও করিম মিয়া বলেন, "ঘটনার সঙ্গে আমি জড়িত নই।" আমাদের ফাঁসানো ষরযন্ত্র হচ্ছে। রাতের অন্ধকারে কে বা কারা হামলা করছে জানিনা।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, "ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। আহত ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এফপি/অ