চট্টগ্রাম নগরের এনায়েত বাজার এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুসকা তৈরির দায়ে তিনটি ফুসকা কারখানাকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন-এর ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৪ মে) নগরের গোয়ালপাড়া এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা। অভিযানে বিভিন্ন কারখানায় গিয়ে দেখা যায়, অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে ভাঙা ও অপরিচ্ছন্ন ফ্লোরে নিম্নমানের আটা-ময়দার সঙ্গে কুড়া-ভুষি মিশিয়ে ফুসকা তৈরি করা হচ্ছে।
এ সময় খাদ্য নিরাপত্তা ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের দায়ে সাহেদ ফুসকা কারখানাকে ২০ হাজার টাকা, নুর নবী ফুসকা কারখানাকে ১৫ হাজার টাকা এবং ভাই ভাই ফুসকা কারখানাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নগরবাসীর নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অভিযানে উপস্থিত স্থানীয়দের অনেকেই বলেন, দীর্ঘদিন ধরে এসব কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি হলেও কার্যকর নজরদারির অভাব ছিল। সাম্প্রতিক এ অভিযানে তারা সন্তোষ প্রকাশ করেন এবং নিয়মিত তদারকির দাবি জানান।
এফপি/অ