রাঙামাটির বরকল উপজেলার বড়হরিণা এলাকায় সীমান্তরক্ষী বাহিনী বিজিবির অভিযানে ভারতে পাচারের উদ্দেশে নেওয়া বিপুল পরিমাণ রসুন জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার গোপন তথ্যের ভিত্তিতে কর্ণফুলী নদীতে এই অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্র জানায়, ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি)-এর একটি টহল দল বড়হরিণা এলাকার কর্ণফুলী নদীতে ভাসমান অবস্থায় একটি ইঞ্জিনচালিত নৌকা তল্লাশি করে। এ সময় নৌকাটি থেকে ১৬ বস্তা রসুন জব্দ করে। এতে মোট ৩১৫ কেজি বাংলাদেশি রসুন উদ্ধার করা হয়, যা ভারতে পাচারের প্রস্তুতি ছিল। জব্দকৃত মালামাল বিধি অনুযায়ী নিলামের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এ বিষয়ে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী বলেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পাহাড়ি অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন রক্ষায় বিজিবি ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।
এফপি/অ