আগামী ৩১ ডিসেম্বর শুরু হতে পারে ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা। শিক্ষা মন্ত্রণালয় এমন সময়সূচি নিয়ে কাজ করছে, যেখানে আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে পরীক্ষা শেষ করার পরিকল্পনা রয়েছে। তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।
শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও শিক্ষা-সংশ্লিষ্ট অংশীজনদের মতামত বিবেচনায় নিয়ে এ প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
জানা গেছে, শিক্ষামন্ত্রীর ডিসেম্বরের মধ্যে পরীক্ষা আয়োজনের ঘোষণার সঙ্গে শিক্ষার্থীদের জানুয়ারিতে পরীক্ষা নেওয়ার দাবির সমন্বয় করে ৩১ ডিসেম্বর পরীক্ষা শুরুর প্রস্তাব রাখা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, পুরো জানুয়ারিজুড়ে লিখিত বা তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করা হবে।
এ বিষয়ে দু-এক দিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। একই সঙ্গে ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় প্রথমবার সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার পরিকল্পনাও রয়েছে।
এফপি/অ