আসন্ন পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি শুরু হতে যাচ্ছে। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী আনুষ্ঠানিকভাবে ২৪ মে থেকে ছুটি কার্যকর হওয়ার কথা থাকলেও বাস্তবে অধিকাংশ শিক্ষার্থী ২১ মে ক্লাস শেষে টানা অবকাশে যাওয়ার সুযোগ পাবে।
শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের সংশোধিত শিক্ষাপঞ্জি থেকে এ তথ্য জানা গেছে।
শিক্ষাপঞ্জি অনুযায়ী, সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ২৪ মে থেকে ছুটি শুরু হয়ে চলবে ৪ জুন পর্যন্ত। তবে ২২ ও ২৩ মে সাপ্তাহিক বন্ধ থাকায় ২১ মে বৃহস্পতিবারই অধিকাংশ প্রতিষ্ঠানে হবে শেষ ক্লাস বা কর্মদিবস। পরে ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি শেষে ৭ জুন থেকে আবার শুরু হবে পাঠদান। সব মিলিয়ে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রায় ১৬ দিনের টানা অবকাশ পাচ্ছে।
অন্যদিকে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য ছুটির সময় আরও দীর্ঘ। সংশোধিত শিক্ষাপঞ্জি অনুযায়ী, আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল পর্যায়ের মাদ্রাসাগুলোতে ২৪ মে থেকে শুরু হওয়া ছুটি চলবে ১১ জুন পর্যন্ত। এরপর ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন থেকে শ্রেণিকক্ষে ফিরবে শিক্ষার্থীরা। এতে মাদ্রাসা পর্যায়ের শিক্ষার্থীরা প্রায় ২১ থেকে ২৩ দিনের টানা ছুটি উপভোগের সুযোগ পাচ্ছে।
এদিকে জুনের এই দীর্ঘ ছুটির পর জুলাই মাসেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে একটি সরকারি ছুটি রয়েছে। ২৯ জুলাই আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে একদিনের ছুটি থাকবে। এছাড়া আগস্টে জুলাই গণঅভ্যুত্থান দিবস, আখেরি চাহার সোম্বা ও ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এবং সেপ্টেম্বর মাসে শুভ জন্মাষ্টমী ও ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ছুটি নির্ধারণ করা হয়েছে।
এফপি/অ