খুলনার পাইকগাছায় লাইসেন্সবিহীন ফার্মেসি পরিচালনা, মেয়াদোত্তীর্ণ ও অবৈধ ঔষধ সংরক্ষণ এবং নিয়মবহির্ভূতভাবে ঔষধ বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তর।
অভিযানে ৭টি ফার্মেসিকে মোট ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি প্রায় ২০ হাজার টাকা মূল্যের মেয়াদোত্তীর্ণ ও অবৈধ ঔষধ জব্দ করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার (১২ মে) দুপুরে পৌর সদরের বিভিন্ন ফার্মেসিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী। এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা ও বিভাগীয় ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক মাখ্নুওন তাবাসসুম এবং জেলা ঔষধ তত্ত্বাবধায়ক সাদ্দাম হোসেন।
অভিযান চলাকালে বিভিন্ন ফার্মেসিতে তদারকি করে লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা, মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রি সহ যথাযথ নিয়ম না মেনে ঔষধ বিপণনের অভিযোগের সত্যতা পাওয়া যায়।
এসময় এবিকে ফার্মেসি, ডিজিটাল ইউনানী ফার্মেসি, জুয়েল ড্রাগ হাউজ, পাইকগাছা ইউনানী দাওয়াখানা, পপুলার ফার্মেসি, রোহিত ফার্মাসহ মোট ৭টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে পৃথক মামলায় ভোক্তা অধিকার ও ঔষধ সংক্রান্ত বিভিন্ন আইনে জরিমানা আদায় করা হয়।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ ঔষধ সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এফপি/জেএস