Dhaka, Tuesday | 12 May 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 12 May 2026 | English
হাম ও হামের উপসর্গে আরো ৯ শিশুর মৃত্যু
দুপুরের মধ্যে ১০ অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
শেষ দিনের শুরুতেই ফিরলেন মুশফিক
সৌদিতে পৌঁছেছেন ৫২৩৩৪ বাংলাদেশি হজযাত্রী
শিরোনাম:

বর্জ্য ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ ডিএনসিসির

প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৯:২৫ পিএম  (ভিজিটর : ১৫)

পরিচ্ছন্ন ও আধুনিক নগরী গড়ার লক্ষ্যে বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচন করল ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এখন থেকে যত্রতত্র ময়লা না ফেলে ‘উৎসেই বর্জ্য পৃথকীকরণ’ (সোর্স সেগ্রিগেশন) কার্যক্রমের ওপর জোর দিচ্ছে সংস্থাটি। বর্জ্যকে শুধু আবর্জনা নয়, বরং সম্পদে রূপান্তরের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এই কার্যক্রম।

মঙ্গলবার (১২ মে) রাজধানীর গুলশান সোসাইটি জামে মসজিদে আয়োজিত এক অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান আনুষ্ঠানিকভাবে বর্জ্য পৃথকীকরণ বিন ও পলিব্যাগ বিতরণের মাধ্যমে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, ‘আমরা বর্জ্য ব্যবস্থাপনাকে এমন এক আধুনিক পর্যায়ে নিতে চাই, যেখানে রাস্তাঘাটে কোনো ময়লা থাকবে না। বর্জ্য থাকবে নির্দিষ্ট ডাস্টবিনে, আর সেখান থেকে সরাসরি নিয়ে যাবে সিটি করপোরেশন।’

তিনি বলেন, ‘সচেতনতার অভাবেই অনেক মানুষ এখনো উন্মুক্ত স্থানে বা রাস্তাঘাটে ময়লা ফেলছেন। এই পরিস্থিতি বদলাতে পর্যায়ক্রমে মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠান, গির্জা, মন্দির ও মার্কেটসহ জনসমাগমস্থলে ডাস্টবিন স্থাপন করা হবে। গুলশান সোসাইটি জামে মসজিদের মাধ্যমেই এই আধুনিক যাত্রার সূচনা হলো। কেবল মসজিদ নয়, পর্যায়ক্রমে রাজধানীর ১০টি জোনের সব ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠান এবং ঘনবসতিপূর্ণ এলাকায় এই সেবা বিস্তৃত করা হবে।’

কোন বিনে কী বর্জ্য

প্রাথমিক পর্যায়ে মোট ৫০০টি বিন বিতরণ করা হচ্ছে, যার মধ্যে ২৫০টি সবুজ এবং ২৫০টি হলুদ রঙের। ডিএনসিসি জানিয়েছে।

সবুজ বিন : রান্নাঘরের উচ্ছিষ্টসহ অন্যান্য পচনশীল বর্জ্যের জন্য।

হলুদ বিন : প্লাস্টিক, কাঁচ ও ধাতব পদার্থের মতো অপচনশীল বর্জ্যের জন্য।

অনুষ্ঠানে গুলশান সোসাইটি ছাড়াও বারিধারার ‘ডি’মাজেনত গির্জা এবং সেন্ট ইউজিনস স্কুল, পল্লবীর এমডিসি মডেল স্কুল ও মিরপুর কলেজের পেছনের কেন্দ্রীয় মন্দিরে এসব বিন বিতরণ করা হয়েছে। প্রশাসক এলাকার জনগণকে সঠিক বিন নির্বাচনে উৎসাহী হতে আহ্বান জানান।

বর্জ্য থেকে আয়ের সম্ভাবনা : গুলশান সোসাইটির সভাপতি ওমর সাদাত এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘বর্জ্য আর কোনো ফ্যালনা জিনিস বা ফেলে দেওয়ার মতো কিছু নয়, এটি এখন সম্পদ। বিশ্বের অনেক দেশ বর্জ্যকে ব্যবসায়িক সম্ভাবনায় রূপান্তর করেছে, আমরাও গুলশানে সেই ধারা অনুসরণ করব।’

তিনি আরও বলেন, ‘গুলশানের প্রায় ১২ হাজারের (হাউজহোল্ড) প্রতিটি অ্যাপার্টমেন্টে এক বা দুটি করে ডাস্টবিন বা আলাদা রঙের প্লাস্টিক প্যাকেট দেওয়া হবে। বাসিন্দারা ঘরের ভেতরেই বর্জ্য আলাদা করবেন। সিটি করপোরেশন ইতোমধ্যে মসজিদের পাশে ৫টি ডাস্টবিন সরবরাহ করেছে এবং ভবিষ্যতে পার্কগুলোতেও এই ব্যবস্থা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। তবে যারা এই নিয়ম মেনে বর্জ্য পৃথকীকরণ করবেন না, তাদের জরিমানার আওতায় আনা হবে।’

আসছে কোরবানি ও ডেঙ্গু চ্যালেঞ্জ : সামনে কোরবানির ঈদ ও ডেঙ্গু মৌসুম নিয়ে বিশেষ প্রস্তুতির কথা জানান প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেন, ‘কোরবানির বর্জ্য অপসারণ আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। পাশাপাশি মশা নিধন ও ডেঙ্গু মোকাবিলায় আমরা ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছি।’

জনসচেতনতা বাড়াতে ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডের ১০০টি গুরুত্বপূর্ণ স্পটে বাউল সংগীতের মাধ্যমে ক্যাম্পেইন চালানো হচ্ছে, যা কোরবানির ঈদ পর্যন্ত চলবে। মানুষ যেন আকৃষ্ট হয়, সেজন্যই বাউল শিল্পী ও সংগীতকে বেছে নেওয়া হয়েছে। এ ছাড়া ময়লাবাহী গাড়িতেও (পরিবহন) বিভিন্ন সচেতনতামূলক শব্দ বা বার্তা যুক্ত করা হয়েছে। বিভিন্ন হাউজিং সোসাইটি, বাড়ি মালিক সমিতি ও শিক্ষাপ্রতিষ্ঠানকেও এই সমন্বিত কার্যক্রমে যুক্ত করা হচ্ছে।

সমন্বিত প্রচেষ্টার আহ্বান : ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর হুমায়ুন কবির অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বলেন, ‘পরিচ্ছন্ন নগরী গড়তে সিটি কর্পোরেশনের একার চেষ্টা যথেষ্ট নয়। বর্জ্য উৎপাদনকারী ব্যক্তি ও প্রতিষ্ঠান সবাইকে সমানভাবে দায়িত্বশীল হতে হবে। যেখান থেকে বর্জ্য তৈরি হচ্ছে, অর্থাৎ উৎসেই যদি তা পৃথক করা যায়, তবেই রিসাইকেল বা অপসারণ সহজ হবে।’

নগরবাসীর উদ্দেশে শফিকুল ইসলাম বলেন, ‘ভালো কাজের জন্য আপনারা আমাদের উৎসাহ দেবেন, আর ভুল হলে সমালোচনা করুন। তবে সমালোচনার পাশাপাশি সমাধানের পরামর্শও দেবেন, যেন আমরা ভবিষ্যতে ভুল সংশোধন করে আরও উন্নত সেবা দিতে পারি।’

অনুষ্ঠান শেষে গুলশান সোসাইটি কর্তৃপক্ষের হাতে আনুষ্ঠানিকভাবে বর্জ্য পৃথকীকরণ বিন ও ব্যাগ হস্তান্তর করা হয়।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝