ব্র্যাক ও স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির উদ্যোগে বরগুনায় “ডেঙ্গু প্রতিরোধ অভিযান ২০২৬” অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ মে) সকাল থেকে বরগুনা সদর উপজেলার পশ্চিম বরগুনা সদর রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন বরগুনা সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আজিজ।
এসময় তিনি বাড়ি বাড়ি গিয়ে সংরক্ষিত পানির ড্রাম ও বিভিন্ন পাত্রে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা শনাক্ত করে বাসিন্দাদের সচেতন করেন। পাশাপাশি ডেঙ্গু, ম্যালেরিয়া ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
অভিযানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) বরগুনা ইউনিটের স্বেচ্ছাসেবকরা অংশ নিয়ে প্রায় ২৩০টি বাড়ি পরিদর্শন করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আজিজ বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই। সবাই নিজ নিজ বাসা ও আশপাশ পরিষ্কার রাখলে এডিস মশার বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব।
এসময় উপস্থিত ছিলেন, ব্র্যাকের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর তুহিন আলম, যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচির ডিস্ট্রিক্ট ম্যানেজার মাসুম বিল্লাহ, জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভার্সিটি প্রোগ্রামের রিজিওনাল ম্যানেজার সৌরভ হোসেন এবং জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য কর্মসূচির অফিসার সিয়াম ফেরদৌস ইমনসহ অন্যান্যরা।
এফপি/জেএস